রংপুরে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু

রংপুরে মহানগরীর হাজীরহাট থানাধীন গঙ্গাহরী এলাকার ঘাঘট নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ (১২) ও নাজমুন্নাহার লিতু (১০) সম্পর্কে খালাতো ভাই-বোন। 

আব্দুল্লাহ গঙ্গাচড়া উপজেলার কোলকন্দর ইউনিয়নের আরিফ হোসেনের ছেলে আর লিতু গঙ্গাহরী এলাকার লতিবুর রহমানের মেয়ে।

জানা গেছে, গতকাল আব্দুল্লাহ তার মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে খালাতো বোন লিতুর সাথে বাড়ির পাশে নদীতে নামে। সাঁতার না জানায় দুজনেই পানিতে ডুবে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

হাজীরহাট থানার ওসি (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, নদীতে গোসলে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।