সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপরে ১৮নং পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে শনিবার রাত ৩টার দিকে বাস ও মহেন্দ্র ট্রাক্টর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন।
সংঘর্ষে মহেন্দ্র ট্রাক্টরে আগুন লেগে ২ আরোহী আগুনে পুড়ে নিহত হয় বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানিয়েছেন।
তিনি জানান, এ ঘটনার পরে সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রবিবার সকাল ৮টা পর্যন্ত এ যানজট অব্যাহত থাকে।
নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন আরও জানান, শনিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর উত্তরবঙ্গগামী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিক থেকে সিরাজগঞ্জগামী একটি মাহেন্দ্র ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মাহেন্দ্র ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। পুড়ে ট্রাক্টরের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় বাস ও ট্রাক্টরের আরও ৭ জন। খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব থানা, ফায়ার সার্ভিস ও সেতু কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া আগুনে পুড়ে নিহত দুজনের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
অপরদিকে দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি উদ্ধার করে সেতুর উপর থেকে অপসারণ করা হলে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে সেতুর উপর গাড়িতে আগুন লাগায় সেতুর দুপাশের মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা থেকে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কের এক লেনজুড়ে যানজট সৃষ্টি হয়।