যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসাথে মারা গেছেন তিনজন। বর্তমানে হাসপাতালে রোগীর চাপ রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে যশোরে করোনা শনাক্তের হার অনেক বেশি। সেইসাথে মৃত্যুও বেড়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। মারা গেছেন তিনজন। এদের মধ্যে দুইজন করোনা রোগী এবং অপরজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
এ তিনজনসহ গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২জন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বেড়েছে। বর্তমানে করোনা ডেডিকেটেড ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছে। রোগী বাড়লেও তারা সেবা দিতে সক্ষম।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, লকডাউন কার্যকর করতে তাদের সকল বিভাগ একযোগে কাজ করছে।