কুমিল্লার চৌদ্দগ্রামে থানার সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ পাখি আক্তার (৩২) নামে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চৌদ্দগ্রাম থানা পুলিশ তাকে আটক করে। আটক পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর (ছুফুয়া) গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, গত রবিবার পাখি আক্তারের স্বামী বিল্লাল মিয়াকে (৪০) ৫ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। গতকাল সকালে বিল্লাল মিয়াকে জেলহাজতে পাঠানোর সময় পাখি আক্তার তার সঙ্গে দেখা করতে থানায় আসে। এ সময় বিল্লাল মিয়ার জন্য আনা কাপড়ের ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ পাখি আক্তারকে আটক করে পুলিশ। পরে মাদক আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দুজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বলেন, ‘পাখি আক্তারের গতিবিধি সন্দেহ হলে ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’