ওমানের কাছে হেরে বিশ্বকাপ বাছাই মিশন শেষ বাংলাদেশের

ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ করে গেল ওমান। দুদলের শক্তির ব্যবধানটাই যেন প্রতীয়মান হচ্ছিল তাতে। ২১ মিনিটের বেশি নিজেদের জাল অক্ষত রাখতে না পারা বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হারল ৩-০ গোলে।

মঙ্গলবার কাতারের জাসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে শুরু হয়েছিল ম্যাচটি। প্রথমার্ধে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে জেমি ডের দল।

ওমানের ফরোয়ার্ড মোহামেদ মোবারক আল গাফরি প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেছেন খালিদ আল-হাজরি।

ওমানের জয়ের ব্যবধানটা অবশ্য বড় হতে পারতে আরো। তাদের দু-দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরেছে। গোললাইন থেকে একটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন ইব্রাহিম।

এ ম্যাচ দিয়েই শেষ হলো বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের মিশন। ‘ই’ গ্রুপে পাঁচ দলের মধ্যে সবার নিচে থেকে শেষ করা বাংলাদেশের অর্জন মাত্র ২ পয়েন্ট। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ড্র থেকে আসে সেই দুই পয়েন্ট। বাকি ৬ ম্যাচেই হার জেমি ডের শিষ্যদের।

৮ ম্যাচে ৭টিতেই জিতে সর্বাধিক ২২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে খেলবে কাতার। অবশ্য তারা স্বাগতিক হওয়ায় বিশ্বকাপে এমনিতেই থাকছে তাদের অংশ গ্রহণ। ওমান পরের পর্ব নিশ্চিত করল দ্বিতীয় স্থানে থেকে। ৮ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১৮।

৭ ও ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে ভারত ও আফগানিস্তান। এই দুই দলই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডে খেলবে। বাংলাদেশকে খেলতে হবে প্লে-অফ। ২০১৬ সালে ভুটানের বিপক্ষে এই প্লে-অফে হেরেই ১৬ মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে গিয়েছিল বাংলাদেশ।

প্রথম লেগে ওমানের বিপক্ষে ১-৪ গোলে হারা বাংলাদেশের এদিনের হারটাও আসলে অনুমিতই ছিল। ওমানের চেয়ে র‍্যাঙ্কিংয়ে ১০৪ ধাপ পিছিয়ে বাংলাদেশ। ওমানের অবস্থান যেখানে ৮০, বাংলাদেশ সেখানে ১৮৪তম। তারওপর নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াসহ বাংলাদেশের শীর্ষ বেশ ক’জন খেলোয়াড় এ ম্যাচে ছিলেন না।

এরপরও ড্রয়ের আশায় মাঠে নামেন তপু বর্মনরা। কিন্তু আগের ম্যাচের একাদশে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামা ওমান ঠিকই আধিপত্য দেখিয়েছে। প্রথমার্ধেই ১১টি ও সবমিলে ১৮টি কর্নার আদায় করে দলটি। এখানেই বোঝা যায় কতটা আক্রমণাত্মক ছিল ওমান। ম্যাচে ৮০ শতাংশ বলের দখল ছিল তাদের।

দলটির বিপক্ষে এনিয়ে তিনবারের মুখোমুখি দেখায় তিনটিতেই হারল বাংলাদেশ।