ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব দেখা যাচ্ছে শুধু বিসিবির নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেজ ও পিচভিশনে। সুপার সিক্সের সব ম্যাচ দেখা যাবে টিভি পর্দায়। টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচগুলো। ১৭ জুন প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম ৬ দল নিয়ে ১৯ জুন থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সুপার সিক্স। ঢাকা ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, ১৯ ও ২০ জুন হবে সুপার সিক্সের প্রথম রাউন্ড। ২২ ও ২৩ জুন হবে পরের রাউন্ড। ২৫ জুন শেষ রাউন্ড। ১৯, ২০ ও ২২ জুন ১২ দলের প্রথম পর্বের নিচের তিন দলের মধ্যে হবে রেলিগেশন লিগ। এসব ম্যাচ হবে বিকেএসপিতে।