টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে (৪০) বাড়ি থেকে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগে দিনা সরকার (৩০) ও মণ্টু সরকার (৩২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে জেলার মির্জাপুর ও নাগরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ধর্ষণের ঘটনায় গত রবিবার তিন জনকে আসামি করে থানায় একটি মামলা করেন ভুক্তভোগী নারী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার গভীর রাতে সখীপুরের বাজাইল বড়চালা গ্রামের দিনা চন্দ্র সরকার, মণ্টু চন্দ্র সরকার ও সবদুল মিয়া নামে তিন ব্যক্তি মদ্যপ অবস্থায় ওই নারীর বাড়িতে যায়। এরপর ওই নারীকে বাইরে ডেকে এনে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে তারা।
গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। আর নির্যাতিত নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।