করোনায় সিনেমা হল বন্ধ থাকায় এক বছরে প্রস্তুতি নিয়েও হলিউডের তেমন কোনো সিনেমা মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ফলে আগের তুলনায় ৮০ শতাংশ কমেছে হলিউড বক্স অফিসের আয়। আশাজাগানিয়া খবর হলো, গত মে মাসে খুলেছে প্রেক্ষাগৃহগুলো। দর্শকও হলমুখী হয়েছেন। এরই মধ্যে মুক্তি পাওয়া কিছু ছবির বক্স অফিস রিপোর্টও আশাব্যঞ্জক। ৪ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘দ্য কনজ্যুরিং : দ্য ডেভিল মেইড মি ডু ইট’। মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এই ছবি। প্রথম দিনেই এই ছবি আয় করে নিয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার।
অন্যদিকে, ২৮ মে মুক্তি পায় ‘ক্রুয়েলা’। ১০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই ছবিটি এরই মধ্যে বিশ^ব্যাপী প্রায় সাড়ে ১১২ মার্কিন মিলিয়ন ডলার আয় করেছে।
বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, বক্স অফিসে প্রাণ ফেরানো এ দুটি ছবি মুক্তি পেয়েছে ঢাকার অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ।