গায়েহলুদে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে গায়েহলুদের অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাজেল আহমেদ (২২) নামে এক হবু বরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আবদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল বলে মৃতের স্বজনরা জানিয়েছেন। শাজেলের মৃত্যুর ঘটনায় মুহূর্তের মধ্যেই বিয়েবাড়ির আনন্দ উল্লাস ভেস্তে গিয়ে বাবা-মা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। শাজেলের চাচা রব্বানী মিয়া জানান, মনতলা বাজারে বাবার চা-নাশতার দোকান পরিচালনায় সহযোগিতা করত শাজেল। তাদের বাড়ি একই উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামে। ব্যবসার জন্য মনতলা মধ্য আবদুল্লাহপুর এলাকায় জনৈক তাহের মিয়ার বাড়িতে ভাড়া থাকত তারা।

স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী সুন্দ্রাবিল গ্রামের আনছব আলীর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় আবদুল্লাহপুর গ্রামের কুদ্দুছ ভা-ারীর ছেলে শাজেলের। আজ শুক্রবার নতুন বউ ঘরে আনার কথা ছিল। গতকাল বেলা ১১টার দিকে শাজেলের গায়েহলুদ অনুষ্ঠানের সময় হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। এতে চলমান সাউন্ড সিস্টেমও বন্ধ হয়ে যায়। এ ঘটনায় শাজেল নিজেই সাউন্ডবক্সে কাজ করতে যান। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে আসায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় মাধবপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় মনতলা পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান এই প্রতিবেদককে জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য জেলা প্রশাসনের কাছে মৃতের স্বজনরা আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে।