বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইন মাধ্যমে শুরু হয়েছে তৃতীয় ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’। গতকাল শুক্রবার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসবটি উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার ‘হীরালাল সেন’কে উৎসর্গ করা হয়েছে। ২৫ জুন শেষ হবে আট দিনের এই উৎসব।
এবারের উৎসবে চার শতাধিক চলচ্চিত্র জমা হয়, সেখান থেকে উৎসবের জন্য নির্বাচকবৃন্দ ৮১টি স্বল্পদৈর্ঘ্য এবং ৩৮টি প্রামাণ্যচিত্রসহ মোট ১১৯টি চলচ্চিত্র মনোনীত করেছেন। উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, চলচ্চিত্র নির্মাতা, বিশেষ জুরি, চিত্রগ্রহণ, সম্পাদনা, শব্দ পরিকল্পনা ও প্রযোজনা বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লাখ ২৫ হাজার, চলচ্চিত্র নির্মাতা ১ লাখ এবং বিশেষ জুরি পুরস্কার ৫০ হাজার, চিত্রগ্রহণ ২৫ হাজার, সম্পাদনা ২৫ হাজার, শব্দ পরিকল্পনা ২৫ হাজার, প্রযোজনা পরিকল্পনায় ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে ৮টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে অপরাজিতা সংগীতা পরিচালিত ‘রিভোল্ট (দ্রোহ)’, হাসনাত সোহান পরিচালিত ‘প্রাচীন কয়েকটি গাছ’, সারা বিনতে আফজাল পরিচালিত ‘আশ্রয়’, জাহিদ পরিচালিত ‘রিউমার: অ্যা সোশ্যাল টিউমার’, ওয়াহিদ রাজ পরিচালিত ‘বায়োস্কোপ’, ফরিদ আহমেদ পরিচালিত ‘আনতারা’, সাহিল রনি পরিচালিত ‘মানুষ’, রাসেল রানা পরিচালিত ‘হাউসের ধুয়া’। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘এ উৎসব সৃজনশীল সংস্কৃতিকর্মী এবং রুচিবান দর্শকদের মধ্যে মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’