পূর্বাচলে রেস্টুরেন্টে অভিযান

মাদক, টাকাসহ ২৪ নারী-পুরুষ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মাদক ও নগদ টাকাসহ ২৪ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পূর্বাচলের ১নং সেক্টর এলাকার হোয়াইট হাউজ রেস্টুরেন্ট অ্যান্ড মিউজিক্যাল ক্যাফে নামে ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, রেস্টুরেন্টটিতে ব্যবসার আড়ালে মাদক, ডিজে পার্টি, জুয়ার আড্ডা ও আসামাজিক কার্যকলাপ চলছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৃত্যশিল্পী পরিচয়ে ১১ নারী, ৭ পুরুষ ও রেস্টুরেন্টের কর্মচারী পরিচয়ে ৬ জন মাদক ব্যবসায়ীসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ ক্যান বিদেশি বিয়ার ও ৩ বোতল বিদেশি মদ, নগদ ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকাসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত মাদক নিয়ন্ত্রণ দমন আইন ও করোনাকালে সংক্রমণ ব্যাধি ছড়ানোসহ অসামাজিক কাজে যুক্ত থাকার পৃথক আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। রেস্টুরেন্টের মালিক নজরুলসহ একাধিক ব্যক্তি পলাতক রয়েছেন। রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে।

জেলা ‘গ’ সার্কেলের এএসপি আবির হোসেন বলেন, পূর্বাচলে হোয়াইট হাউজ নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। রেস্টুরেন্টের ব্যবসার আড়ালে যেখানেই অসামাজিক কার্যকলাপ চলবে, সেখানেই পুলিশ অভিযান চালাবে।