পটুয়াখালীতে নৌ প্রতিমন্ত্রী

কোনো ষড়যন্ত্রই অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না

দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্যই সরকার ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে। ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন হলে নদীভাঙনের সমস্যা থাকবে না।

গতকাল শুক্রবার সকালে গলাচিপা লঞ্চঘাট পরিদর্শনের সময় পথসভায় এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। এ অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পায়রা সমুদ্রবন্দর ও তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে। উপকূলীয় অঞ্চলের নদীভাঙন রুখতে অচিরেই বাঁধ সংস্কার ও নির্মাণ করা হচ্ছে।

মন্ত্রীর সফরের সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএম শাহজাদা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মু. আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিন প্রমুখ।

এরপর প্রতিমন্ত্রী কোস্টগার্ডের নৌযানযোগে উপজেলার বোয়ালিয়া স্লুইসগেট স্পিডবোট ঘাট, পানপট্টি লঞ্চঘাট, বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন।