নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সংঘর্ষে নিহত ব্যক্তির লাশ দাফনের পরপরই প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের ছিটুয়া নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছিটুয়া নোয়াপাড়া গ্রামের দুই ভাই আউয়াল খান ও লালু খানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এর জেরে গত ৮ জুন দুপুরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লালু খানের পক্ষের লোকজনের দায়ের কোপে আবদুল আউয়ালের ছেলে সাখাওয়াত হোসেন সজলসহ ছয়-সাতজন আহত হন। সজলকে গুরুতর অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মারা যান সজল।
গতকাল বেলা ১১টার দিকে জানাজা শেষে লাশ দাফনের পরপরই প্রতিপক্ষের লোকজন লালু খানের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা লালু খানের বসতঘরে ব্যাপক ভাঙচুর এবং রান্নাঘরে অগ্নিসংযোগ করে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।