ঝালকাঠিতে সৌদিপ্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠিতে সৌদিপ্রবাসীর স্ত্রী ফাতিমা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী (ফকিরহাট) এলাকার নুরুল হক মোল্লার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাতিমা এক সন্তানের জননী ও ওই এলাকার সৌদিপ্রবাসী মো. প্রিন্স মোল্লার স্ত্রী।

এলাকাবাসী জানায়, ফাতিমা ও তার ছয় বছরের ছেলে রাফি বাড়িতে ছিলেন। ফাতেমার শ্বশুর নুরুল হক সারা দিন মাঠে কাজ করে সন্ধ্যার আগে বাড়িতে এসে খাবার খেয়ে স্থানীয় বাজারে চলে যান। ফাতেমার ছেলে রাফিও খেলার জন্য বাড়ির পাশে তার আত্মীয়র বাড়িতে যায়।

সন্ধ্যায় রাফি বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মাকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে বাড়ির পাশের লোকদের দিয়ে দাদা নুরুল হককে খবর দেন।

নুরুল হক বাড়িতে এসে দরজা-জানালা ভেতর থেকে সব বন্ধ দেখে রাজাপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রাত সাড়ে এগারোটার দিকে ঘরের দোতলায় আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ফাতিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আজ শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।