ফরিদপুরে করোনায় প্রাণ গেল আরও ৬ জনের

ফরিদপুরে করোনাভাইরাসে আরও ছয়জনের প্রাণ হানির ঘটনা ঘটেছে। আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৯ জনের। মৃত্যুর দিক দিয়ে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ এটি।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চার নারী ও দুই পুরুষ।

এ ছাড়া ৩১৬টি নমুনা পরীক্ষার মধ্যে ৭৯টি পজিটিভ হয়েছে। এদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান করোনায় আক্রান্ত হয়েছে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. অনন্ত কুমার জানান, কভিডে মারা যাওয়া রোগীরা হলেন- ফরিদপুরের নগরকান্দার জ্যোসনা বেগম (৪৫), সিরিয়া বেগম (৬৫), বোয়ালমারীর আবুল হোসেন (৭০), ফরিদপুর সদরের ফজলুর রহমান (৪৮), ভাটিলক্ষিপুর আজিজুর শেখ (৫২) ও রাজবাড়ীর আক্তারি (৩৫)।

তিনি বলেন, গত এক মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, গত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে নমুনা পরীক্ষার গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ হারে বাড়ছে, হঠাৎ করে মৃত্যুর সংখ্যা আজ ছয় হলো। যা গত এক মাসের তুলনায় সর্বোচ্চ।

তিনি বলেন, এই পরিস্থিতিতে জেলার সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তবেই হয়তো আমরা করোনাকে জয় করতে পারবো।