কালভার্ট যেন মরণফাঁদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের উত্তর টিকরিয়া গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার কালভার্টটি ভেঙে পড়ে আছে। প্রায় এক বছর আগে কালভার্টের একটি অংশ ধসে পড়লেও এখনো সংস্কার করা হয়নি। রাস্তায় যাতায়াতকারী যানবাহন ও এলাকাবাসীর জন্য এটি যেন একটি মরণফাঁদ। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। হতে পারে প্রাণহানি।

সরেজমিন দেখা যায়, উত্তর টিকরিয়া গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে পাকা রাস্তাটি। রাস্তার মধ্যখানে কালভার্ট। কালভার্টের ছাদের বড় অংশ ভেঙে পড়ে আছে। ভেঙে যাওয়া অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। শুধু ভেঙে যাওয়া অংশই নয় পুরো কালভার্টটিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, এ রাস্তা ধরেই শিক্ষার্থীদের আশপাশের স্কুল-কলেজে যেতে হয়। হাটবাজারে কৃষিপণ্য আনা-নেওয়া করতে হয়। যাতায়াতের একমাত্র রাস্তার ভাঙা কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যে কোনো সময় এ কালভার্টে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আগেই কালভার্টটি সংস্কারের দাবি জানান তারা। এ বিষয়ে আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর) বলেন, কালভার্টটি সংস্কারের জন্য এলজিইডিতে একটি প্রজেক্ট পাঠানো হয়েছে। খুব দ্রুত কালভার্টটি সংস্কার করা হবে।