বাঙালির সকল অর্জনে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বাঙালির সকল অর্জনে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু তিলে তিলে আওয়ামী লীগকে গড়ে তুলেছিলেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ একাত্তরে দেশের স্বাধীনতা এনে দিয়েছে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর তার সুযোগ্য কন্যা আওয়ামী লীগের নেতৃত্বে আসেন। শেখ হাসিনা স্বৈরাচারী জিয়া-এরশাদকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেন। এরপর তিনি ফখরুদ্দীন-মঈনউদ্দিনের হাত মুক্ত করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায় করেন। তিনি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে শরীয়তপুরের নড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহসভাপতি ওহাব ব্যাপারী, দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এসএম মাহবুবুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির ব্যাপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তিনি চারবার প্রধানমন্ত্রী হয়ে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছেন। তার কারণেই দেশ আজ বিশ্বে অনন্যা মর্যাদায় আসীন। জননেত্রী শেখ হাসিনা এগিয়ে গেলে আওয়ামী লীগ এগিয়ে যায়, আর আওয়ামী লীগ এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের, আর বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।

এছাড়াও প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ এবং নড়িয়া ও সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।