নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপসেরা হয়েছে নেদারল্যান্ডস। একই গ্রুপে গতকাল সোমবার অস্ট্রিয়া ১-০-তে হারিয়েছে ইউক্রেনকে। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলো নিশ্চিত করল তারা। শেষ ষোলোতে অস্ট্রিয়া খেলবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে।
রোমানিয়ার বুখারেস্টে গতকাল ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে দারুণ খেলেছে দুই দল। তবে জয় পেয়েছে অস্ট্রিয়া। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ক্রিস্টোফ বমগার্টনার। হারলেও ইউক্রেনের আশা শেষ হয়ে যায়নি। এখন ছয় গ্রুপের তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। গতকাল ইউরোতে একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে নর্থ মেসিডোনিয়া কোনোরকম পাত্তা পায়নি নেদারল্যান্ডসের কাছে। হারের ফলে বিদায় নিয়েছে তারা।
অন্যদিকে আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়া ডাচরা ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় প্রথমার্ধেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। ২৪ মিনিটে মেমফিস ডিপাই গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন অধিনায়ক জর্জিনিয়ো ভেইনালডাম। ‘সি’ গ্রুপে তিন ম্যাচে জয় পেয়েছে তার দল।