ঝালকাঠি বিআরটিএ কার্যালয়ে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না গ্রাহকরা। ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন করতে গিয়ে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। কার্যালয় প্রধানের (সহকারী পরিচালক) পদটিতে সপ্তাহে এক দিন সময় দিচ্ছেন তিনটি সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা একজন সহকারী পরিচালক।
তবে বিআরটিএ কর্মকর্তারা বলছেন, কাঠামো অনুযায়ী জনবল না থাকায় যথাসময়ে সেবা দিতে কিছুটা বিলম্ব হলেও গ্রাহকদের যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা।
২০১২ সালে বিআরটিএ ঝালকাঠি ও পিরোজপুর সার্কেলের কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই জনবল সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই কার্যালয়ের কাজ। চলতি বছরের শুরুতে বিআরটিএ ঝালকাঠি আলাদা সার্কেল ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কাঠামো অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি।
বর্তমানে কার্যালয় প্রধানের পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সহকারী পরিচালক আতিকুল আলম। একই সঙ্গে তিনি বরিশাল ও পিরোজপুরের দায়িত্বও সামলাচ্ছেন। এ কারণে তিনি সপ্তাহে এক দিন অফিস করছেন ঝালকাঠিতে। এখানে সহকারী পরিচালকসহ মোট ছয়টি পদের মধ্যে একজন মোটরযান পরিদর্শক, উচ্চমান সহকারী ও একজন অফিস সহকারীসহ মোট চারটি পদ শূন্য রয়েছে। এর ফলে একজন মোটরযান পরিদর্শক ও একজন এমএলএসএস দিয়ে কার্যালয়ের সব কাজ চালাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের।
সম্প্রতি সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী সরকারি এই কার্যালয়ের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, জনবল সংকটের কারণে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন করতে এসে তাদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। কর্তৃপক্ষ যদি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি খেয়াল করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়, তাহলে তারা যথাসময়ে সেবা নিয়ে ফিরে যেতে পারবেন। কাঁঠালিয়া উপজেলার আবু সুফিয়ান বলেন, ‘এক বছর আগে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলেও এখন পর্যন্ত তিনটি তারিখ পরিবর্তন করেছে, কিন্তু এখনো লাইসেন্স হাতে পাইনি।’
বিআরটিএ ঝালকাঠি সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ মাহফুজ হোসেন জানান, জনবল সংকটের কারণে কাজের গতি কিছুটা মন্থর হলেও গ্রাহকদের যথাসাধ্য সেবা দিচ্ছেন তারা। তবে প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হলে গ্রাহকদের আর বিআরটিএ কার্যালয়ে এসে বসে থাকতে হবে না। যথাসময়ে সেবা দেওয়া যাবে।
বিআরটিএ বরিশাল বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জিয়াউর রহমান বলেন, ঝালকাঠি সার্কেলের জনবল সংকটের কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই একজন উপপরিচালক নিয়োগ দেওয়া হবে। পরে অন্যান্য পদেও জনবল নিয়োগের বিষয়টি বিবেচনাধীন।
মোটরযান পরিদর্শক মোহাম্মদ মাহফুজ হোসেন জানান, গত বছর ঝালকাঠি বিআরটিএ কার্যালয় থেকে ২৯৭টি যানবাহন রেজিস্ট্রেশন ও ১ হাজার ২৩১ জন ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পেরেছেন। তবে এ সময়ে প্রায় ২ হাজার লোক ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন।