পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানের বিরুদ্ধে করোনাকালীন জিআর ও ভিজিএফের উপকারভোগীদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
লিখিত অভিযোগে ভুক্তভোগীরা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত অসহায় ও দুস্থ মানুষের জন্য জনপ্রতি ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। দুলাই ইউনিয়নে ১৫০ দুস্থ ও অসহায় ব্যক্তি এ বরাদ্দ পায়। চেয়ারম্যান শাহজাহান ওই বরাদ্দ থেকে জনপ্রতি ৫০ টাকা কেটে রেখে সুবিধাভোগীদের ৪৫০ টাকা করে দিয়েছেন।
পাশাপাশি ভিজিএফ কার্ডধারী বেশ কিছু দুস্থ ও অসহায়ের জন্য বরাদ্দ করা জনপ্রতি ৪৫০ টাকা না দিয়ে, নিজস্ব লোক দিয়ে ভুয়া স্বাক্ষর ও টিপসই দিয়ে মাস্টাররোল পূরণ করেছেন।
আন্ধারকোটা গ্রামের ভুক্তভোগী বাছেদ আলী, হুমায়ুন আহমেদ অভিযোগ করেন, ঈদের আগে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রধানমন্ত্রী প্রদত্ত অর্থ দেওয়া হয়। কিন্তু তালিকাভুক্ত ১৫০ জনকেই ৫০ টাকা করে কম দেওয়া হয়েছে। তারা আরও অভিযোগ করেন, ভিজিএফের তালিকায় যাদের নাম আছে অনেককেই চেয়ারম্যান টাকা দেয়নি। নিজস্ব ক্যাডারদের দিয়ে জাল সই করে প্রায় ১৫০ জনের বরাদ্দের টাকা তুলে নিয়েছে। যার প্রমাণ আমাদের কাছে আছে।
এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে উপজেলা প্রশাসন। তদন্ত কমিটির সদস্য ও সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা বলেন, আমরা সরেজমিন ঘটনা তদন্ত করেছি। ভুক্তভোগীদের বক্তব্য ও পরিষদের নথিপত্র যাচাই করা হয়েছে। শিগগিরই রিপোর্ট দেওয়া হবে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পেলে বিষয়টি স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে, অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দুলাই ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় একটি চক্র ষড়যন্ত্রে নেমেছে। বানোয়াট অভিযোগ করে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে।