ফেনসিডিলসহ বাবা ছেলে আটক

যশোরে ৯২ বোতল ফেনসিডিলসহ পিতা-পুত্র ও আরও একজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার ভোরে বেনাপোল থেকে যশোরে আসার সময় শহরের চাঁচড়া মোড় থেকে ইজিবাইকসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন শার্শা উপজেলার বেনাপোল বন্দর থানার মহিষাডাঙ্গা গ্রামের মোনায়েম গোলদার ও তার ছেলে লিটন হোসেন এবং একই গ্রামের উত্তরপাড়ার মান্নান প্রধানের ছেলে রিপন প্রধান।

ডিবি পুলিশের ওসি সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ইজিবাইকে থাকা তিনটি ব্যাগ থেকে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।