বাগেরহাটে বালুবোঝাই ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

বাগেরহাটের শরণখোলায় ট্রলির ধাক্কায় সিফাত হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদরের অগ্রদূত ফাউন্ডেশনের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রলি চালক হাসান খানকে (২০) আটক করেছে পুলিশ।

সিফাত উপজেলার উত্তর সোনাতলা গ্রামের সৌদি প্রবাসী সোহাগ চৌকিদারের ছেলে রায়েন্দা সরকারি পাইলট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাতে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সিফাত হোসেন প্রাইভেট পড়া শেষ করে সাইকেল চালিয়ে রায়েন্দা বাজারের বাসায় ফিরছিল।

এ সময় বিপরীত দিক থেকে শ্যালো ইঞ্জিনচালিত বালুবোঝাই একটি ট্রলি বেপরোয়া গতিতে এসে সিফাতকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে সিফাতের মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ট্রলি চালক হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে।