ফিলিপাইনে ভ্যাকসিন না নিলে জেল

করোনাভাইরাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি লোকজনকে ভ্যাকসিন নেওয়ার জন্য রীতিমতো চাপের মুখে রেখেছেন। সম্প্রতি দুর্তেতে সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন যে, হয় ভ্যাকসিন নিন নয়তো জেলে যান। এখন পর্যন্ত কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে এমন কঠোর হতে দেখা যায়নি।

করোনার ডেল্টা ধরনে আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় ইতিমধ্যেই সীমান্ত বন্ধ করে দিয়েছে ফিলিপাইন সরকার। গত সোমবার এক ভাষণে দুতের্তে বলেন, আপনাকে বেছে নিতে হবে যে, আপনি ভ্যাকসিন নেবেন কিনা। ভ্যাকসিন না নিলে আমি জেলে পাঠাব।

চলতি বছরের মার্চ থেকে ফিলিপাইনে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু দেশটির বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নেওয়া লোকজনের সংখ্যা অনেক কম।ভ্যাকসিনের প্রতি লোকজনের আগ্রহ কম থাকায় ক্ষেপে গেছেন দুতের্তে। যারা ভ্যাকসিন নিচ্ছেন না তিনি তাদের বোকা বলে উল্লেখ করেছেন।

এর আগে করোনা মহামারীর মধ্যে যারা লকডাউনের বিধিনিষেধ অমান্য করছেন তাদের গুলি করে মারার হুমকি দিয়েছিলেন দুতের্তে। সে সময় বেশ কয়েকজন লকডাউন অমান্যকারী কর্র্তৃপক্ষের হাতে নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এর মধ্যে এক বয়স্ক ব্যক্তি এবং সাবেক এক সেনাসদস্য রয়েছেন।

দেশটিতে ১১ কোটি মানুষ রয়েছেন, যাদের মধ্যে মাত্র ১ দশমিক ৯৫ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ভ্যাকসিনের ৮৪ লাখ ডোজ সরবরাহ করা হয়েছে। কমপক্ষে ৬২ লাখ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। অপরদিকে ২১ লাখ ৫ হাজার মানুষ ভ্যাকসিনের দুটি ডোজই গ্রহণ করেছেন।