নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই কারখানাটির সকলেই পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ফতুল্লা মডেল থানার সামনে একটি চারতলা ভবনের নিচতলায় আজাদ ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শরীফ মিয়া (৪৭)। তিনি চট্টগ্রামের মীরসরাইয়ের জোয়ালগঞ্জ এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে বিকট একটি শব্দ শোনা যায়। তখন আজাদ ডাইংয়ের তৃতীয় তলা থেকে ধোয়া বের হচ্ছে। তখন সবাই বয়লার বিস্ফোরণের ধারণা করলেও পরিষ্কারভাবে কেউ কিছু বলতে পারছিল না।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন-১ জানান, বয়লার বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাইং কারখানাটির কাউকে পাওয়া যায়নি। মালিক কর্তৃপক্ষের লোকজন সবই পালিয়েছিল। পরে যদিও তাদের খোঁজ পাওয়া যায়।
এসআই বলেন, এ ঘটনায় বয়লার অপারেটর হিসেবে ডাইংটিতে কাজ করা একজন শ্রমিকের মৃত্যু হয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।