গত কয়েক দিন ধরে ফরিদপুর জেলার বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড।
ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, প্রতিদিনই ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখা’র পানি বাড়ছে। তবে এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে পয়েন্ট ২৭ সেন্টিমিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীতে ৭.০৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি বলেন, পানি বৃদ্ধি ফলে পাঁচটি উপজেলার কয়েকটি স্থানে নদী পাড় ভাঙন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি প্রাথমিক প্রটেকশনের জন্য।
জেলার নদ-নদীর পানি বৃদ্ধি ও ভাঙন বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পানি বৃদ্ধির সঙ্গে নদীতে ভাঙন দেখা দেবে এটা স্বাভাবিক। তবে আমরা খোঁজখবর রাখছি। কোথাও জরুরি কিছু করার প্রয়োজন হলে পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে সেটি করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফরিদপুরের নদী ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন।
আমরা দুর্যোগকালীন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশা-পাশি পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।