ভারতকে হারিয়ে টেস্টের বিশ্বসেরা নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল নিউজিল্যান্ড।

পুরো দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও ফল এলো সাউদাম্পটনে হওয়া দুই দলে ফাইনাল ম্যাচটিতে। বুধবার ম্যাচের ষষ্ঠ দিনে (রিজার্ভ ডে) ৮ উইকেটের জয় নিশ্চিত করে কিউইরা।

আগেরদিনই রোমাঞ্চের আভাস ছিল ম্যাচে। দুই দলের যে কারো জয় বা ড্র- যে কোনো ফলই হতে পারতো। ২ উইকেটে ৬৪ রান নিয়ে নতুন দিন শুরু করা ভারতকে ১৭০ রানেই গুটিয়ে দিল নিউজিল্যান্ড। পরে ১৩৯ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে দিনের খেলা বেশ কয়েক ওভার বাকি থাকতেই।

যদিও দুই ওপেনার টম ল্যাথাম (৯) ও ডেভন কনওয়ে (১৯) ফিরেছিলেন দ্রুতই। ৪৪ রানে কিউইদের ২ উইকেট তুলে নিয়ে বেশ চাপ তৈরি করেছিল ভারত। তবে কেন উইলিয়ামসনের অপরাজিত ৫২ ও রস টেলরের অপরাজিত ৪৭ রানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এর আগে কিউই বোলারদের তোপে প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারত। তবে দ্বিতীয় সেশনে ভারতের খেলায় ধরে খেলার মনোভাব দেখা যায়। যদিও চা বিরতির আগেই ১৭০ রানে গুটিয়ে যায় দলটি। সর্বোচ্চ ৪১ রান করেন রিশভ পন্ত।

কিউইদের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন টিম সাউদি। ট্রেন্ট বোল্ট নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন কাইল জেমিসন।

ম্যাচসেরা হয়েছেন জেমিসন। ৫ উইকেট নিয়ে যিনি ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছিলেন ২১৭ রানে। পরে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৪৯ রান তুলে নিয়েছিল ৩২ রানের লিড।