ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের ভবনে একটি হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল বুধবার এই চেষ্টা চালানো হয়। নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ বলে পরিচিত সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে হামলার চেষ্টা করা হয়। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর দাবি, একটি ড্রোন সেখানে হামলার চেষ্টা চালায়।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ ওয়েবসাইট নাউরনিউজ জানিয়েছে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আগেই হামলাটি ঠেকানো গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত এবং এই ঘটনাসংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইরানের কর্মকর্তারা নাউরনিউজ দেখার পরামর্শ দিয়েছেন।