নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে সংঘর্ষে ইসমাইল হোসেন (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসমাইল হোসেন বুধবার ভোরে বগুড়া সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত মঙ্গলবার বিকেলে উপজেলার খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ১০-১২ জন চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে উদয়শ্রী গ্রামের মৃত ধজিমুদ্দিনের ছেলে ইসমাইল হোসেন একই গ্রামের খাজির উদ্দিনের কাছ থেকে তার বাড়ির পাশে জমি কেনেন। সেই জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমিতে গত মঙ্গলবার বিকেলে প্রাচীর নির্মাণের কাজ করছিলেন ইসমাইল। এ-সময় প্রতিপক্ষের লোকজন ইসমাইল হোসেন ও তার ভাইয়ের ওপর অর্তকিত হামলা চালায়। এতে ইসমাইল ও তার ভাই মাইনুর রহমান গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া সিএমএইচে পাঠানো হয়। গতকাল বুধবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।
ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মমিন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মেহেরুন নেসা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।