‘লকডাউনেও’ সড়কে যানজট

করোনার সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ জেলাজুড়ে চলমান ‘লকডাউনের’ মধ্যেও সিদ্ধিরগঞ্জ উপজেলায় সড়কে যানজট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী যাত্রীদের দাবি, চলাচলে পূর্বনির্ধারিত ভাড়ার চেয়ে চারগুণ বেশি অর্থ আদায় করে পরিবহন শ্রমিকরা। গতকাল বুধবার ‘লকডাউনের’ দ্বিতীয় দিনে উপজেলার শিমরাইল মোড় ও সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিন ঘুরে ও চলাচলকারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এদিকে নারায়ণগঞ্জে প্রথম দিনের লকডাউন ‘ঢিলেঢালাভাবে’ পালন করা হলেও গতকাল দ্বিতীয় দিনের চিত্র ছিল ভিন্ন। এদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিন ঘুরে স্বাভাবিক দিনের চেয়ে যানজট বেড়ে যাওয়ার চিত্র চোখে পড়েছে। এক প্রকার বাধাহীনভাবেই চলছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, লেগুনা। দূরপাল্লার পরিবহন চলাচল না করলেও হাইওয়ে পুলিশের উদাসীনতার কারণে যানজট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ অনেক যাত্রীর।

গতকাল সকালে সাইনবোর্ড এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচলানা করলে কিছুক্ষণের জন্য মহসড়ক ফাঁকা হয়ে যায়। আদালত চলে যাওয়ার পর আবার সেই আগের চিত্রে ফিরে আসে।

এ বিষয়ে জানতে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেননি তিনি। করোনার সংক্রমণ রোধে গত মঙ্গলবার সকাল থেকে আগামী ৩০ জুন পর্যন্ত নারায়ণগঞ্জে ‘লকডাউন’ ঘোষণা করে জেলা প্রশাসন। একই সঙ্গে ‘লকডাউন’ সফল করতে প্রশাসনকে কঠোর থাকারও নির্দেশনা দেওয়া হয়।