বগুড়ায় করোনায় একদিনে ৮ জনের মৃত্যু

লকডাউন ঘোষণা করেও বগুড়ায় করোনার বিস্তার ঠেকানো যাচ্ছে না। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ নিয়ে গত নয় দিনে ৩৬ জনের মৃত্যু হল করোনাভাইরাসে। এ ছাড়া এই ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

যে ৮ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তারা হলেন- বগুড়া সদরের সেতারা বেগম (৭৮) ও অধ্যাপক আবুল কালাম আজাদ (৭৪), জয়পুরহাটের হাসনা বেগম (৬৫),  লুৎফর রহমান (৬৫), মামুন সরদার (৪৫), আহাদ আলী (৭৫) ও নূর জাহান (৩০) এবং নওগাঁর রিয়াজউদ্দীন (৬০)।

বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। 

তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫৪ নমুনার ফলাফলে নতুন করে ৯৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫ জন। নতুন আক্রান্ত ৯৮ জনের মধ্যে সদরের ৬০ জন, আদমদীঘিতে ৭ জন, গাবতলীতে ৮ জন, সারিয়াকান্দিতে দুইজন, দুপচাঁচিয়ায় ৩ জন, কাহালুতে ২ জন, নন্দীগ্রামে ৫ জন, শেরপুরে ২ জন এবং ধুনটের একজন আক্রান্ত হয়েছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৭টি নমুনায় ৬৫ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৪ নমুনায় ৫ জনের এবং এন্টিজেন পরীক্ষায় ৬৩ নমুনায় ৯ জনের পজিটিভ এসেছে।

এ ছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০টি নমুনায় ১৯ জন করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ১৫২ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ২৯৮ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া নতুন করে ৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৬৫ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৪৯১ জন।