বাংলাদেশের সব অনলাইন প্ল্যাটফর্মে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেমস ও লাইকির মতো অনলাইন গেমস, অ্যাপস অবিলম্বে নিষিদ্ধ, বন্ধ ও প্রত্যাহারের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওছার এ আবেদনটি করেন। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে এসব গেমস ও অ্যাপসের ক্ষতিকর দিক তুলে ধরে জনস্বার্থে এ আবেদনটি করা হয়।
আবেদনের বরাতে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, এসব অ্যাপস ও গেমসের আড়ালে শত শত কোটি টাকা অর্থ পাচার হচ্ছে। এসব লেনদেনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, সব মোবাইল অপারেটর, বিকাশ ও নগদকে বিবাদী করা হয়েছে।