কুষ্টিয়ায় করোনায় একদিনে ৭ জনের মৃত্যু

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় এ সপ্তাহের কঠোর লকডাউনের পঞ্চম দিন চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন সাতজন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪২ শতাংশ।

এদিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা রোগীর অতিরিক্ত চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা রোগীর জন্য ১০০ শয্যার বিপরীতে ১৭২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, রোগীর চাপ সামলাতে ১০০ শয্যা থেকে ২০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। এ মুহূর্তে জরুরি সেবা ছাড়া হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে।

এদিকে লকডাউন কার্যকর করতে জেলা শহরের বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে।