করোনা: চট্টগ্রাম জেলায় বাড়ছে শনাক্তের হার, নতুন মৃত্যু ৫

চট্টগ্রাম জেলায় এক দিনে আরো ২৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে পাঁচজনের। শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ৭ শতাংশ।

শুক্রবার (২৫ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে বৃহস্পতিবার ৯৭৬টি নমুনা পরীক্ষা করে ২৭৪ জনের কভিড পজেটিভ শনাক্ত হয়। আক্রান্তের হার ২৮ দশমিক শূন্য সাত শতাংশ। আগের দিন বুধবার শনাক্তের হার ছিল ২১ দশমিক ২৫ শতাংশ।

তিনি আরো বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৭৪ জনের মধ্যে নগরীর ১৬০, বিভিন্ন উপজেলার ১১৪ জন রয়েছে। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে আরো পাঁচজনের। তাদের মধ্যে দুজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সর্বমোট চট্টগ্রাম জেলায় ৫৭ হাজার ১৫৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৬৭১ জন।