খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। তবে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।
শনিবার সকালে হাসপাতাল দুটির মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। এ ছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন।
শনিবার সকাল ১০টা পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুর উপজেলার রামপুর গ্রামের মো. ইহসাক সানা (৮০)।
এ হাসপাতালে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯৪ জন চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে আইসিইউতে ৭ জন ও এইচডিইউতে ৭ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
তবে, ২৪ ঘণ্টায় আরও ৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮জন। সর্বশেষ চিকিৎসাধীন রয়েছেন ৬৬জন রোগী।