চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ২১৬

করোনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২১৬ ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ হার ২০ দশমিক ৮৩ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ২১৬ জনের মধ্যে শহরের ১৩৯ ও দশ  উপজেলার ৭৭ জন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৭ হাজার ৩৭০ জন। এর মধ্যে শহরের ৪৪ হাজার ৯২৬ জন ও গ্রামের ১২ হাজার ৪৪৪ জন।

গতকাল করোনায় শহরের একজন ও গ্রামের দু’জন মারা যান। তিনজনই পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে ৬৭৪ জন হয়েছে। এতে শহরের ৪৬৭ও গ্রামের ২০৭ জন।

সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১২০ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৪৮ হাজার ৭৮৪ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৩৯৯ জন এবং বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৪২ হাজার ৩৮৫ জন।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বাসসকে বলেন, ‘সংক্রমণ হার যথেষ্ট বেড়ে গেছে। শহরের পাশাপাশি গ্রামেও বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন মারাও যাচ্ছেন কয়েক জন করে। কিন্তু সাধারণের মাঝে সচেতনতা বা ভীতি খুব বেশি পরিলক্ষিত হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে সামাল দেয়া কঠিন হবে। তাই মানুষকে ঘরে রাখার কোনো বিকল্প আমাদের সামনে নেই।’