ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম খুব ভোরে ঘুম থেকে ওঠেন। একেবারে ঠিক পাঁচটায়! কিন্তু এত সকালে ঘুম থেকে উঠে তিনি কি করেন? এটা কি নিতান্তই অভ্যাস? নাকি অন্য কোনো রহস্যও আছে। জানা গেল মিমের ভোরে ঘুম থেকে উঠার অন্য এক কারণও বিদ্যমান। আর তা হচ্ছে নিজের ফিটনেস ঠিক রাখতে তাকে দৌড়াতে হয় জিমে। তাও আবার ধানমন্ডির একটি জিমে।
বসুন্ধরা থেকে ধানমণ্ডি গিয়ে জিম করেন মিম। আর এ কারণেই তাকে ভোর পাঁচটায় জেগে উঠতে হয়। নিজেকে আরও ফিট এবং আকর্ষণীয় করে তুলতে গত কয়েক বছর ধরে নিয়মিত জিম করছেন এই অভিনেত্রী। বিভিন্ন সময় তার জিমে যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে হয়েছে আলোচিত, কুড়িয়েছে নেটিজেনদের প্রশংসা।
মিম জানালেন, গত মার্চ থেকে মিম জিম করেছেন ধানমন্ডির ‘ব্লেড ৬% ফিটনেস স্টুডিও’তে। এই সময়টায় ফিটনেসের ক্ষেত্রে আরও বেশি উপকৃত হয়েছেন এই অভিনেত্রী। প্রতিষ্ঠানটির কর্ণধার ও ট্রেইনার আশরাফুজ্জামানের ট্রেনিং তার শারীরিক গড়নকে নতুন মাত্রা দিয়েছে বলে অভিমত মিমের। আর সেই ভালোলাগা থেকে ফটোশুটের মাধ্যমে প্রতিষ্ঠানটির মডেলও হয়ে গেলেন দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা!
মিম বলেন, ‘ব্লেডের গত কয়েক মাসের জিম আমাকে অনেক বদলে দিয়েছে। যাদের সঙ্গে দেখা হচ্ছ তারাই আমার ফিটনেসের প্রশংসা করছেন। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যারা আমাকে পছন্দ করেন তারাও যেন এই জিমে গিয়ে ফিটনেস ট্রেনিং করতে পারেন। সে জন্যই তাদের ফটোশুটে মডেল হয়েছি। মূলত নিজের ভালোলাগা থেকেই কাজটি করা।’
মিম আরও জানান, সপ্তাহে ৫দিন ভোরে ঘুম থেকে উঠেই ব্লেডের উদ্দেশ্যে বসুন্ধরা থেকে ছুটে যাচ্ছেন ধানমন্ডিতে। সেখানে ৭টা থেকে ৯টা পর্যন্ত টানা ঘাম ঝরাচ্ছেন। জিমের ট্রেনিং সেশনটা বেশ উপভোগ করছেন বলেও জানালেন তিনি।
কয়েক দিন আগেই মিম চুক্তিবদ্ধ হয়েছেন দীপংকর দীপনের পরিচালনায় দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’-এ। এখানে মিম ছাড়াও সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল অভিনয় করবেন। এ সিনেমায় আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে মিমকে।