এবার ৪৫ দিনের শিশু করোনায় আক্রান্ত

এবার ৪৫ দিনের শিশুর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনিবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শিশুটির নাম আফরিন রহমান। তার পরিবার রাজশাহী নগরের ছোট বনগ্রাম বড় রাস্তার মোড় এলাকার বাসিন্দা। তার বাবা আরিফুর রহমান করোনা পজিটিভ হয়েছেন। তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

মা মাহবুবা খাতুন একাই মেয়েকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন। তিনি জানান, গত রবিবার তিনি রাজশাহী রেলগেট এলাকায় র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, তার বাচ্চা করোনা পজিটিভ। তখনই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছিল। কিন্তু তিনি বাসায় থেকে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াচ্ছিলেন। গত তিন দিন বাচ্চার খুব সমস্যা হচ্ছে। রাতে ঘুমায় না। বাধ্য হয়ে তিনি খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা বলেন, তাদের হাসপাতালে করোনার চিকিৎসা নেই। এরপর তিনি বেসরকারি রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, শিশুটি ভালো আছে। আপাতত বাচ্চাটিকে করোনা ওয়ার্ডে রেখেই শিশুবিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হবে।