এলএনজি আমদানি

দুই মাসের ব্যবধানে দাম দ্বিগুণ হলো

জ্বালানির চাহিদা মেটাতে মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিগুণ দাম দিয়ে খোলাবাজার থেকে এলএনজি কিনছে সরকার। যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে ১৭তম চালানে ৪৪৮ কোটি ১৬ লাখ ৮২ হাজার টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটি হবে এযাবৎকালের সর্বোচ্চ দামে এলএনজি আমদানি।

গতকাল শনিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বৈঠক শেষে এ তথ্য জানান। অর্থনৈতিকসংক্রান্ত ১টি ও ক্রয়সংক্রান্ত ১৬টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন।

গত এপ্রিলের শুরুতে সুইজারল্যান্ডের এওটি ট্রেডিংয়ের কাছ থেকে একই পরিমাণ এলএনজি কিনতে খরচ হয়েছিল ২৪৩ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৩৫৮ টাকা। সেই হিসাবে মাত্র দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে এই জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হলো।

জ্বালানি সচিব আনিসুর রহমান বলেন, সর্বশেষ ১৭তম চালানে আসা এলএনজির দাম এযাবৎকালের সর্বোচ্চ হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে আছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলারের বেশি হয়ে গেছে, যা চলতি মাসের শুরুতে ৭০ ডলারের কম ছিল। দাম যে হারে বাড়ছে আমরা খুবই শঙ্কিত। দামের পূর্বাভাসে ভবিষ্যতে ১১০ ডলার উঠে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উৎপাদনকারীরা উৎপাদন কমিয়ে দিয়েছে, তারা দাম বাড়িয়ে দিতে চাচ্ছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে কয়েকটি পুরনো প্রকল্পের ভ্যারিয়েশনসহ মোট ১৬টি প্রস্তাব পাস হয়েছে।

অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে সরাসরি ক্রয়পদ্ধতিতে ৯৬ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার টাকায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কাছ থেকে ৭টি বোলার্ড পুল টাগবোট ক্রয়।

সেকেন্ডারি এডুকেশন সেক্টসর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা সেসিপ প্রকল্পের আওতায় ১৭ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ২২৪ টাকায় নাহিদ অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রিন্টিংয়ের কাছ থেকে শিক্ষা সরঞ্জাম ক্রয়।

বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের অধীনে ঢাকার আজিমপুরে সরকারি কলোনিতে ছয়টি বহুতল ভবন নির্মাণের ছয়টি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ২০তলা এসব ভবনে থাকবে ১৫০০ বর্গফুটের ১৫২টি ফ্ল্যাট।

এসব ভবনের মধ্যে ১৪৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৩৪৪ টাকায় বঙ্গ বিল্ডার্স একটি, ১৪৬ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১৭২ টাকায় আরেকটি ভবন, ১৬৭ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ১৮৯ টাকায় নুরানি কনস্ট্রাকশন একটি এবং ১৬৫ কোটি ৪১ লাখ ২৪ হাজার ৭৯৯ টাকায় কনস্ট্রাকশন আরেকটি ভবন নির্মাণ করবে।

এ ছাড়া ওয়াহিদ কনস্ট্রাকশন ১৬২ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৩৬৬ টাকায় এবং ১৫৬ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৬৬ টাকায় দুটি ভবন নির্মাণ করবে। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চারটি ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় বলে জানান অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।

এদিকে দ্রুত সময়ে ৫ লাখ টন গম আমদানি করতে চায় সরকার। এ জন্য গম আমদানিতে সরবরাহকারী প্রতিষ্ঠানের দরপত্র দাখিলের সময় কমানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্র্তৃক রাশান ফেডারেশন থেকে জি টু জি ভিত্তিতে সরাসরি ক্রয়পদ্ধতিতে ২ লাখ মেট্রিক টন গম ক্রয় এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণে ৩ লাখ টন গম আমদানির ক্ষেত্রে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।