নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ নেতার গ্যারেজ ও ইউপি সদস্যের গরুর খামারের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ চুরির বিষয়টি জানতে পেরে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পল্লীবিদ্যুৎ আড়াইহাজার কার্যালয়ে ডিজিএম ফারজানা ইয়াসমিন ওই গ্যারেজে অভিযান চালান এবং বিদ্যুৎ চুরির সত্যতা পেয়ে গ্যারেজের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ফারজানা ইয়াসমিন জানান, আড়াইহাজারের ব্রাম্মনদি ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমানের মালিকানাধীন অটোরিকশা চার্জের গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। বিদ্যুৎ চুরি করে এই আওয়ামী লীগ নেতার গ্যারেজে অটোরিকশা ও ইজিবাইক চার্জ দেওয়া হতো। অপরদিকে একই ইউনিয়ন পরিষদের সদস্য বেদেন মিয়ার গরুর খামারের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। এ ব্যাপারে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।