ড্রেজার দিয়ে বালু উত্তোলন ঝুঁকির মুখে রাস্তা

পটুয়াখালীর কলাপাড়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে পাঁচটি গ্রামের চলাচলের রাস্তা। তিন দিন ধরে এই বালু উত্তোলন চললেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস করছে না এলাকাবাসী।

জানা যায়, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে ড্রেজার দিয়ে সরকারি খাস পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের সহায়তায় একই এলাকার হুমায়ুন এ বালু উত্তোলন করছেন। পাশেই মুজিব কিল্লার বাইপাস সড়ক নির্মাণে এ বালু ব্যবহার করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, সরকারি খাস পুকুর থেকে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে পাশর্^বর্তী গ্রামীণ সড়ক।

এ বিষয়ে জানতে চাইলে বালু উত্তোলনে জড়িত হুমায়ুন বলেন, ‘জনস্বার্থে নিজের পৈতৃক সম্পত্তির পুকুর থেকে বালু উত্তোলন করছি।’ তবে বালু বিক্রি করা হচ্ছে না, এমন দাবি তার।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে।