স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকা না দেওয়া অপরাধ : ইনু

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকা ও দৈনিক ভাতা ৯ মাসেও দিতে না পারা মহা অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। গতকাল শনিবার দুপুরে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কথা বলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে হাসানুল হক ইনু বলেন, ‘গত বাজেটে কভিড মহামারী মোকাবিলা করার জন্য হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার টাকা বরাদ্দ করা হলেও অদৃশ্য কারণে এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। করোনাযুদ্ধের সম্মুখসারির যোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের দুই মাসের বেতনের সমপরিমাণ প্রণোদনার টাকা গত ৯ মাসেও দেওয়া হয়নি। একইভাবে করোনায় দায়িত্বরত ডাক্তারদের দুই হাজার টাকা, নার্সদের ১২শ টাকা, স্বাস্থ্যকর্মীদের ৭শ টাকা করে দৈনিক ভাতা দেওয়ার কথা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। এটা করোনাযুদ্ধের সম্মুখযোদ্ধাদের প্রতি মহা অন্যায়।’