পাবনার সুজানগরে একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দী অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের খালে কচুরিপানার ভেতর থেকে প্লাস্টিকের বস্তাবন্দী মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই খালে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৯টার পরে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, অন্য কোথাও তরুণীকে হত্যা করে এখানে মৃতদেহ রেখে গেছে।
সুজানগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তরুণীর মৃতদেহটি বিকৃত হয়ে গেছে। চেনার কোনো উপায় নেই। প্রাথমিকভাবে কোনো পরিচয় পাওয়া যায়নি। তরুণীর বয়স ২৮ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ওসি বলেন, বিষয়টি তদন্ত ও শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।