নেত্রকোনার মদন উপজেলায় এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে মোশারফ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে অভিযুক্তকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর সরকারি আশ্রয়ণ প্রকল্প ‘বিআশি গুচ্ছ গ্রামে’র নিজ ঘর থেকে আটক করা হয়।
মোশারফ গুচ্ছ গ্রামের বাসিন্দা ও মৃত লুৎফর রহমানের ছেলে।
মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, গত শনিবার রাতে ভিকটিমের দেয়া অভিযোগের সাথে সাথে মামলা নেয়া হয়েছে। ওই রাতেই মোশারফকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ভিকটিমকে আজ (রবিবার) ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো এবং গ্রেপ্তারকৃত মোশারফকেও আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, পাঁচ সন্তানের জননী গত মঙ্গলবার পাওনা টাকা আনতে মোশারফের ঘরে যান। খালি ঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করা হয়।
লোকলজ্জায় ভয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করেন ভিকটিমের পরিবার। কিন্তু মোশারফ নিজে এ ঘটনা অনেককে জানিয়ে দেন। এ নিয়ে একাধিক শালিসী বৈঠকে সঠিক বিচার না পেয়ে ভিকটিম মোশারফ হোসেনকে আসামি করে গত শনিবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।