যত কাণ্ড ৩২ কিলোমিটার দীর্ঘ ফ্রান্সের পতাকা নিয়ে

ফ্রান্সের ৩২ কিলোমিটার দীর্ঘ পতাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর স্ত্রী। তার নাম রোজিনা আক্তার। রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন হয়।

লিখিতভাবে রোজিনা বলেন, ‘আমার স্বামী ফ্রান্সপ্রবাসী চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বাসিন্দা আলী নাজির মিজি সে দেশের সরকারকে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ জুলাই ৫০ কিলোমিটার দীর্ঘ একটি পতাকা উপহার দিতে চান। ২০২০ সালের জুনে একটি পতাকা তৈরি শুরু করি। গত ২৯ অক্টোবর পর্যন্ত ৩২ কিলোমিটার পতাকাটি সম্পন্ন করা হয়। কিন্তু ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে পতাকা তৈরিতে বাধা দেন। চাঁদা না দেওয়ায় আমাকে মারধর করেন।

তিনি জানান, এ ঘটনায় তিনি পুলিশের পরামর্শে চাঁদপুর মডেল থানায় চাঁদা দাবি ও নারী নির্যাতন আইনে দুটি মামলা করেন। এরপর তৎকালীন ওসি নাছিম উদ্দিন তাকে থানায় বসিয়ে তার বাড়িতে গিয়ে দেখেন অভিযুক্ত আলমগীর সেই পতাকাটি কেটে টুকরা টুকরা করে ফেলেন। এ সময় তার ছোট ভাই বাধা দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসেন।  সেই পতাকা ও সেলাই মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

তার আরো অভিযোগ, দীর্ঘ ৮ মাস পার হলেও পুলিশ সেই পতাকা ও মালামাল ফেরত দেয়নি। আমি সাংবাদিকদের মাধ্যমে পতাকাটি ফিরে পেতে চাই। সেই সঙ্গে আমার যে ক্ষতি হয়েছে সেটাও আমাকে দিতে হবে। আমার করা মামলার আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, এটি আমার আসার আগের ঘটনা। বিষয়টি আমার পুরোপুরি জানা নেই। তবে আমি জেনেছি পতাকাটি পুলিশ হেফাজতে আছে।