সীতাকুন্ডে তালাকের নোটিশ পেয়ে ছুরিকাঘাত করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্ত্রী পেয়ারু বেগম (৩৫)।
রবিবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় দুই শিশু সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান উমর শরীফ (৪৫)।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রীর বড় ভাই মফিজুর রহমান।
পেয়ারু বেগম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
উল্লেখ্য ৮ বছর আগে সন্দিপের রহমতপুর গ্রামের মো. মোস্তফার ছেলে উমর শরীফের সাথে সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামের আবুল বসরের মেয়ে পেয়ারু বেগমের বিয়ে হয়।
তাদের ঘরে ৭ ও ৪ বছর বয়সের দুই মেয়ে রয়েছে। বিয়ের পর স্বামীর বাড়িতে ভালোই চলছিল তাদের সংসার।
ছোট মেয়ে জন্মের পর সন্দিপ থেকে সীতাকুন্ডের মুরাদপুর ইউনিয়নের উকিল পাড়ার জনৈক সাইফুল্লার ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা। এরপর থেকে বেকার হয়ে পড়েন পেয়ারু বেগমের স্বামী উমর শরীফ।
এই কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। কয়েকদিন আগে সংসার করবে না জানিয়ে স্বামীকে তালাকের নোটিশ পাঠান পেয়ারু বেগম। কিন্তু নোটিশ পেয়েও সংসার করতে স্ত্রীকে চাপ দেন উমর শরীফ।
এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে দুই শিশু সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান উমর শরীফ।