চট্টগ্রামে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে একজন নারী। ওই নারী ইয়াবা বিক্রির জন্য এক যুবককে ছেলে এবং ‘বিশেষ ছাড়ে’ ইয়াবা কিনতে এক মাদক বিক্রেতাকে ধর্মের ভাই বানিয়েছেন বলে জানায় পুলিশ।
রবিবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী কর্ণফুলী মার্কেটের উত্তর পাশে ডাস্টবিনের বিপরীতে তরিকত মঞ্জিলের ২য় তলায় অভিযান চালিয়ে মো. সুমন ও সাহেরা খাতুনকে (৬০) গ্রেপ্তার করা হয়। এরপর সাহেরার দেওয়া তথ্যের ভিত্তিতে আবুল কাশেম ওরফে ভোলাকে (৪৩) গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সাহেরা খুবই ধূর্ত। তার ছেলে মাদক কারবারি। ছেলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। সাহেরার ছেলে বর্তমানে জেলে থাকায় মাদক কারবার স্থবির হয়ে পড়ে। তাই তিনি ইয়াবা বিক্রির জন্য সুমনকে ছেলে হিসেবে মানেন। পাতানো এই মা-ছেলের সর্ম্পক শুধু ইয়াবা বিক্রির জন্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে দুজনই।
পুলিশ জানায়, অপরদিকে গ্রেপ্তার ভোলা একজন ইয়াবা বিক্রেতা। তার কাছ থেকে ইয়াবা কিনতেন সাহেরা। ইয়াবা কেনার সময় বিশেষ ছাড় পেতে ভোলাকেও ধর্মের ভাই বানিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি।
ওসি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে সাহেরা খাতুনের ঘরে হলুদের কৌটায় বিশেষ কৌশলে রাখা ৭৫ পিস, সুমনের পকেট থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাহেরার দেওয়া তথ্যের ভিত্তিতে চৌমুহনী ছাড়িয়াপাড়া বরফকলের শাহাজাহানের ভাড়া ঘর থেকে ভোলাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকেও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ভোলার বিরুদ্ধে আগেও চারটি মামলা এবং সাহেরার বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।