পাবনায় বিল্লাল হোসেন (৩৮) নামে চরমপন্থি দলের এক আঞ্চলিক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজারসংলগ্ন মসজিদের সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিল্লাল সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মো. আব্দুল করিমের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল সর্বহারা পার্টির স্থানীয় নেতা ছিলেন বলে জানা গেছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রবিবার রাত ১০টার দিকে বিল্লাল পাবনা শহর থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বাজারসংলগ্ন মসজিদের সামনে কয়েকজন সন্ত্রাসী তাকে ৩-৪টি গুলি করে এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে পাশের একটি পাটক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা আরও জানান, এক সময় আতাইকুলা থানা এলাকায় চরমপন্থিদের আস্তানা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কয়েক বছর ধরে নিষ্ক্রিয় তারা। সম্প্রতি এই দলের সঙ্গে এলাকার উঠতি বয়সী কিছু যুবক জড়িয়ে পড়ছে। এলাকায় গরু চুরি, মাদক কারবার, জুয়াসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত এই চক্রটি। তাদের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকা- ঘটতে পারে বলে জানান এলাকাবাসী।
এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি মো. জালাল উদ্দিন বলেন, রাতে মরদেহ উদ্ধার করে থানায় আনার পর সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, নিহত ব্যক্তি চরমপন্থি দলের স্থানীয় নেতা ছিলেন। অভ্যন্তরীণ বিরোধে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে। হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।