করোনা: বাগেরহাটে দুইজনের মৃত্যু, সংক্রমণের হার ৫১ শতাংশ

বাগেরহাটে স্থানীয়ভাবে কঠোর বিধিনিষেধ দিয়েও সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। জেলায় গত ২৪ ঘণ্টায় (সোমবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত) করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ২২১ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫১ শতাংশ। যা আগেরদিনের তুলনায় ৪ শতাংশ বেশি।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মিরাজুল করিম বলেন, বাগেরহাটের করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। দিনদিন যেভাবে রোগীর চাপ বাড়ছে তাতে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে বর্তমানে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ২৯২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ১০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।