শুধু হাসপাতাল নির্ভরতা নয়, হটলাইনে ফোন দিলেই স্বেচ্ছাসেবীরা অসুস্থ রোগীর বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেবেন অক্সিজেন সিলিন্ডার। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে দেওয়া হবে চিকিৎসাসেবা। মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ ঘোষণা দিয়েছেন। কার্যক্রমের শুরুতে গতকাল মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থা মাগুরা সমাজকল্যাণ সংস্থার হটলাইন টিমের সদস্যরা শহরের ভায়না মুন্সিপাড়ায় এক বৃদ্ধের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন।
মাগুরা সমাজকল্যাণ সংস্থার সভাপতি ফজলুর রহমান জানান, করোনা মহামারীর শুরু থেকে তারা জেলার অসচ্ছল ও কর্মহীন দরিদ্র মানুষসহ করোনা আক্রান্ত রোগীদের হটলাইন সার্ভিসের মাধ্যমে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন। যার ব্যবস্থাপনায় রয়েছেন মাগুরা সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সাইফুজ্জামান এমপি। তিনি গতকাল মঙ্গলবার সমাজকল্যাণ সংস্থার নেতাদের সঙ্গে আলাপকালে খাদ্য ও চিকিৎসা সেবার সঙ্গে অক্সিজেন সরবরাহের বিষয়টি সংযুক্ত করেন। এখন থেকে হোম আইসোলেশনে থাকা যেকোনো অসুস্থ রোগীর অক্সিজেন প্রয়োজন হলে তাদের মোবাইল ফোনের ০১৭১২-৫০১৫৯৯ নম্বরসহ পাঁচটি নম্বরের যেকোনোটিতে ফোন দিলেই সংস্থার স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে রোগীর বাড়িতে।
এ বিষয়ে সাংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সমষ্টিগত উদ্যোগ জরুরি। আমি শুরু থেকে সেই সমন্বয়ের কাজটি করছি। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা তো রয়েছেই।’