হাভিয়ের মাসচেরানোকে ছুঁয়েছিলেন আগের ম্যাচে। বলিভিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে নিজেকে একক উচ্চতায় নিয়ে গেলেন মেসি। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড দুটোই এখন ছয়বারের বর্ষসেরা বার্সেলোনা লিজেন্ডের। একই দিনে জোড়া গোল করেছেন। তাতে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি ৩২ মিনিটে পেনাল্টি থেকে এবং ১০ মিনিট পর অনফিল্ড গোল করেন। এছাড়া মাত্র ৬ মিনিটে গোলের সূচনা করেন পাপু গোমেজ আর ৬৫ মিনিটে শেষ গোলটি করেন লাউতারো মার্তিনেজ। এ গ্রুপের সেরা হওয়ায় কোয়ার্টার ফাইনালে বি গ্রুপের চতুর্থ দল ইকুয়েডরকে পেল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার জার্সিতে মেসি এখন ১৪৮ ম্যাচের মালিক। মাসচেরানো খেলেছেন ১৪৭টিতে। তৃতীয় হয়ে এ দুজনের পরেই আছেন সাবেক ইন্তার মিলান ডিফেন্ডার হাভিয়ের জেনেত্তি। জেনেত্তি খেলেছেন ১৪৩ ম্যাচ। এ ছাড়া ৭৫ গোল নিয়ে আর্জেন্টাইনদের মধ্যে শীর্ষে মেসি। দ্বিতীয় ৫৪ গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতা। সাবেক স্ট্রাইকার বাতিগোলকে ২০১৬ সালে টপকেছিলেন মেসি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার আরেকজন মাইলফলকের খাতায় নাম তোলেন। সার্জিও আগুয়েরো, খেললেন ১০০তম আন্তর্জাতিক ম্যাচ। ৪২ গোল নিয়ে মেসি ও বাতিস্তুতার পরেই আছেন সদ্য বার্সেলোনায় যোগ দেওয়া স্ট্রাইকার।
অন্য ম্যাচে এডিনসন কাভানির একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়েছে উরুগুয়ে। কলম্বিয়ার সঙ্গে কোয়ার্টারে খেলবে তারা। অপর শক্তিধর চিলি দুর্ভাগ্যবশত এ গ্রুপের তৃতীয় দল হয়েছে। তারা মুখোমুখি হবে এ গ্রুপের শীর্ষ দল ব্রাজিলের। এ ছাড়া পেরু লড়বে প্যারাগুয়ের সঙ্গে।
দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচের রেকর্ডও গড়লেন। লিওনেল মেসি আরও কতদূর যাবেন এমন প্রশ্ন করা হয়েছিল মেসির সাবেক সতীর্থকে। ৪০ বছর বয়সেও উরুগুয়ের ন্যাসিওনাল ক্লাবের হয়ে খেলে চলা আন্দ্রেস ডি’আলেসান্দ্রো বলেন, ‘মেসিও তার মতো ৪০ বছর পর্যন্ত খেলতে পারে।’ হাঙ্গেরির বিপক্ষে মেসির প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে ছিলেন এই ডিফেন্ডার। এরপর ২০১০ সালেও মেসির সঙ্গে এক দলে খেলেছেন। আলেসান্দ্রো বলেন, ‘মেসি কতদূর যাবে সেটা আসলে প্রশ্ন নয়। প্রশ্ন হলো সে কী করতে পারে। আর মেসি কী পারে তা আমরা জানি। আমরা যারা তাকে কাছ থেকে দেখেছি। অনুশীলনে নিজেকে সেরা ছন্দে রাখতে সবচেয়ে কষ্ট সে করে। সেটাই মেসিকে এখনো আলাদা রেখেছে। আমার বিশ্বাস, এখানে সে এখনো অনুশীলন করে, তাই এখনো খেলছে। যদি তাই হয়, তবে মেসি আমার মতো ৪০ বছরেও খেলতে পারে, এখানে কোনো বাধা দেখছি না।’